যুবভারতী কান্ডের তদন্তের অগ্রগতি, মুম্বইয়ে মেসির অনুষ্ঠান, ভারত-পাক দ্বৈরথ, নজরে কোন কোন খবর?

December 14, 2025 | 2 min read

Authored By:

Proteem Basak Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮.৩০: কলকাতায় লিয়োনেল মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা ও উদ্যোক্তা গ্রেপ্তারের ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। অন্যদিকে, আজ মুম্বইয়ে মেসির মেগা ইভেন্ট। পাশাপাশি ক্রিকেট মাঠেও আজ হাই-ভোল্টেজ দিন। ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লড়াইয়ের সঙ্গেই রয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ। একনজরে দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ খবর।

১. যুবভারতী কান্ডের তদন্তের অগ্রগতি
যুবভারতীতে লিয়োনেল মেসির অনুষ্ঠান ঘিরে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনায় কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। স্বতঃপ্রণোদিত হয়ে ভারতীয় ন্যায় সংহিতার অন্তত আটটি ধারায় মামলা রুজু করেছে বিধাননগর পুলিশ। কেন এই বিশৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থায় কোথায় গাফিলতি ছিল এবং এর নেপথ্যে কোনো উস্কানি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। আজ এই তদন্ত কোন পথে এগোয় এবং পুলিশি পদক্ষেপে নতুন কোনো তথ্য উঠে আসে কি না, সেদিকেই নজর থাকবে।

২. মুম্বইয়ে মেসির অনুষ্ঠান
আজ লিয়োনেল মেসি রয়েছেন মায়ানগরী মুম্বইয়ে। সেখানে আজ দুপুর থেকে একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন এই ফুটবল মহাতারকা। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা সচিন তেন্ডুলকর, সুনীল ছেত্রী এবং জন আব্রাহামের মতো তারকাদের। মুম্বইয়ে মেসির অনুষ্ঠান কতটা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, তা দেখার অপেক্ষায় ভক্তরা। দুপুর ৩:৩০টে থেকে শুরু হতে যাওয়া এই অনুষ্ঠান দেখা যাবে দূরদর্শন স্পোর্টস এবং সোনি লিভ অ্যাপে।

৩. ধর্মশালায় সিরিজ জয়ের লড়াই
কটকে ভারত এবং মুল্লানপুরে দক্ষিণ আফ্রিকার জয়ের পর টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। আজ ধর্মশালায় তৃতীয় ম্যাচটি কার্যত অঘোষিত ফাইনাল না হলেও, সিরিজ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্যকুমার যাদবের বাহিনী কি পারবে ধর্মশালার ঠান্ডা লড়াইয়ে প্রোটিয়াদের হারিয়ে সিরিজে লিড নিতে? সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে এই ম্যাচ। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং জিয়োহটস্টার অ্যাপে।

৪. অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: ভারত বনাম পাকিস্তান
সিনিয়র দলের মতো উত্তাপ ছড়াচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপও। প্রথম ম্যাচে বৈভব সূর্যবংশীর বিধ্বংসী শতরানের সৌজন্যে আমিরশাহিকে ২৩৪ রানে হারিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানও মালয়েশিয়াকে হারিয়েছে বিশাল ব্যবধানে। আজ দুবাইয়ে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। বৈভবের ব্যাটে কি আজও ঝড় উঠবে? সকাল ১০:৩০টা থেকে শুরু হতে যাওয়া এই হাই-ভোল্টেজ ম্যাচ দেখা যাবে সোনি নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে।

৫. শীতের আমেজ ও কুয়াশার সতর্কতা
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সাত দিনে উত্তর বা দক্ষিণবঙ্গে তাপমাত্রার বড়সড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে মূলত শুকনো আবহাওয়া থাকবে। তবে সকালের দিকে কুয়াশার দাপট দেখা যেতে পারে, যার ফলে দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, দুই দিনাজপুর ও মালদহে কুয়াশা সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen