‘এটা লজ্জার’, আইএসএল সংকটে সরব নর্থইস্ট ইউনাইটেডের কর্ণধার জন আব্রাহাম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৫: ভারতীয় ফুটবল বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। ২০২৫-২৬ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ (ISL) এখনও শুরু না হওয়ায় সংকট আরও গভীর হয়েছে। শনিবার এই পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) জানিয়েছে, বিলম্বিত আইএসএল মরসুমের সূচি এই সপ্তাহে ঘোষণা করা হবে।
এবার এই অচলাবস্থাকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন নর্থইস্ট ইউনাইটেডের অন্যতম কর্ণধার ও বলিউড অভিনেতা জন আব্রাহাম। তিনি সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন এবং লেখেন আমাদের লজ্জা লাগা উচিত, ভারতীয় ফুটবলের বাস্তবতা আজ কোথায় এসে দাঁড়িয়েছে ‘ যেখানে আইএসএলের একাধিক তারকা ফুটবলার—সহ সুনীল ছেত্রী ও গুরপ্রীত সিং সান্ধু—একসঙ্গে আবেদন জানিয়েছেন। ভিডিওতে খেলোয়াড়রা ফিফা এবং ফিফপ্রো-র কাছে হস্তক্ষেপের আহ্বান জানান।
ভিডিওটি গুরপ্রীত শেয়ার করার পর দ্রুত ভাইরাল হয়। সেখানে সুনীল ছেত্রী বলেন, “খেলোয়াড়, কোচিং স্টাফ, ক্লাব মালিক ও সমর্থক—সবারই স্পষ্টতা, নিরাপত্তা এবং সর্বোপরি একটি ভবিষ্যৎ প্রাপ্য।” অন্য ফুটবলারদের বক্তব্য, ভারতীয় ফুটবলের প্রশাসনিক কাঠামো কার্যত দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং দেশ স্থায়ী অচলাবস্থার দিকে এগোচ্ছে। তাঁদের দাবি, এটি কোনও রাজনৈতিক বার্তা নয়, বরং প্রয়োজনের তাগিদে শেষ আবেদন।
সংবাদসূত্রের দাবি, AIFF আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বিলম্বিত ২০২৫-২৬ আইএসএল মরসুম শুরু করার কথা ঘোষণা করতে পারে। উল্লেখ্য, প্রাক্তন বাণিজ্যিক স্বত্বাধিকারী এফডিএসএলের সঙ্গে মাস্টার রাইটস অ্যাগ্রিমেন্ট (MRA) ৮ ডিসেম্বর শেষ হওয়ার পরই মরসুম অনিশ্চিত হয়ে পড়ে।