Sanchar Sathi আদতে ‘পেগাসাস’? সংসদে সরব হতে পারে তৃণমূল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: মোদী আমলে বার বার ফোনে আড়িপাতার অভিযোগ উঠেছে। অভিযোগ, পেগাসাস (Pegasus) স্পাইওয়ারের মাধ্যমে বিরোধী নেতাদের ফোনে আড়ি পাতছে সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন। তাঁর দল সংসদে তীব্রভাবে সরব হয়েছিল। এবার সঞ্চার সাথী (Sanchar Sathi) অ্যাপকে কেন্দ্র করে একই অবস্থা হচ্ছে।
সোমবার মোদী সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সব স্মার্টফোনে বাধ্যতামূলকভাবে প্রি-ইনস্টলড থাকবে সঞ্চার সাথী (Sanchar Sathi) অ্যাপ। তা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। তৃণমূলের শীর্ষ স্থানীয় সূত্র মারফত খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংসদের ভিতরে ও বাইরে সঞ্চার সাথী (Sanchar Sathi) অ্যাপের বিরোধিতা করবে তৃণমূল।
সঞ্চার সাথী অ্যাপটিকে অনেকেই পেগাসাস স্পাইওয়্যারের সঙ্গে তুলনা করছেন। সঞ্চার সাথী ফোন থেকে ‘ডিলিট বা ডিসেবল করা যাবে না’— কেন্দ্রের এমন সিদ্ধান্তই প্রশ্ন তুলেছে। সমাজমাধ্যমেও সরব হচ্ছেন অনেকে। উল্লেখ্য, নতুন ফোনে অ্যাপ প্রি-ইনস্টল থাকতে হবে। বাজারে থাকা ফোনগুলিতেও সফটওয়্যার আপডেটের মাধ্যমে অ্যাপ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যবহারকারী কোনওভাবেই অ্যাপটি ডিলিট, ডিসেবল করতে পারবেন না।