SIR-র ‘মারাত্মক’ কাজের চাপ, এবার কোচবিহারে হৃদরোগে প্রাণ হারালেন BLO

January 3, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪৬: রাজ্যে BLO (Booth Level Officer) মৃত্যুর মিছিল যেন থামছেই না। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজের মাঝেই ফের এক বিএলও-র মৃত্যুর ঘটনা ঘটল। এ বার ঘটনাস্থল কোচবিহার (Cooch Behar)। শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক স্কুল শিক্ষকের, যিনি বিএলও-র দায়িত্বও সামলাচ্ছিলেন। পরিবারের অভিযোগ, SIR-র প্রবল কাজের চাপ এবং তার জেরে তৈরি হওয়া মানসিক অবসাদই কেড়ে নিল তাঁর প্রাণ।

মৃত BLO-র নাম আশিস ধর (Ashish Dhar)। তিনি কোচবিহার-২ ব্লকের বাণেশ্বরের ইছামারী গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে খবর, আশিসবাবু পূর্ব গোপালপুরের চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এর পাশাপাশি নিজের এলাকার ১০৩ নম্বর বুথে বিএলও-র দায়িত্বও সামলাচ্ছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, স্কুল এবং নির্বাচন কমিশনের (Election Commission) কাজ একসঙ্গে সামলাতে গিয়ে গত কয়েকদিন ধরেই তিনি চরম মানসিক চাপে ছিলেন। শনিবার তাঁর বুথে ৩৯ জনের শুনানি হওয়ার কথা ছিল। সেই কাজ শেষ করা নিয়ে তীব্র দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। মৃতের ভাই দিলীপ ধর বলেন, ‘‘শুক্রবার রাতে কাজ থেকে ফিরে দাদা খাওয়াদাওয়া করেন। এরপর একটি ফোন আসে, যেখানে শুনানির কাজ নিয়ে কথা হয়। ফোনটি রাখার পরেই দাদা বলেন শরীর খারাপ লাগছে। বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং শরীর ঘামে ভিজে যায়।’’ তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।

প্রসঙ্গত, রাজ্যে এসআইআর পর্ব শুরু হওয়ার পর থেকে এই নিয়ে মোট ছয়জন বিএলও-র মৃত্যু হল। গত ৯ নভেম্বর পূর্ব বর্ধমানে ‘কাজের চাপে’ ব্রেন স্ট্রোকে মৃত্যু হয় নমিতা হাঁসদার। এরপর জলপাইগুড়ির ডুয়ার্সে শান্তিমুনি ওঁরাও, নদিয়ার কৃষ্ণনগরে রিঙ্কু তরফদার, বাঁকুড়ার রানিবাঁধে হারাধন মণ্ডল আত্মঘাতী হন এবং মুর্শিদাবাদে জাকির হোসেন হৃদরোগে মারা যান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen