মমতার ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই শীর্ষ আদালতে SIR নিয়ে মামলা তৃণমূলের

January 6, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: কনে কনে ঠান্ডায় বাড়ছে SIR-র উত্তাপ। সোমবার গঙ্গাসাগরে দাঁড়িয়ে এক কর্মসূচিতে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন তাঁরা। তিনি জানান, এসআইআরের শুনানিতে মানুষ হেনস্থার শিকার হচ্ছেন। প্রয়োজনে তিনি নিজেই সাধারণ মানুষের হয়ে সওয়াল করবেন তিনি। আইনজীবী হয়ে নয়, সাধারণ নাগরিক হিসাবে কথা বলবেন। মমতার বক্তব্যের পরই সুপ্রিম কোর্টে এসআইআরের শুনানিতে মানুষের হেনস্থা নিয়ে মামলা রুজু করেন তৃণমূলের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলার আবেদনকারী হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন।

সোমবার, সাগরের মঞ্চ থেকে কমিশন ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্বের চেষ্টা হচ্ছে বলে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের ‘অশুভ আঁতাত’র অভিযোগ তোলেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, “কমিশন এখন নাকি হোয়াটসঅ্যাপে চলছে! হোয়াটসঅ্যাপ কিনে নিয়েছে নাকি কে জানে! তবে এই জিনিস আমরা বরদাস্ত করব না।” তিনি জানান, আদালতের দ্বারস্থ হবে রাজ্য সরকার। মমতা বলেন, “আগামীকাল কোর্ট খুলবে, আমরা আদালতে যাচ্ছি। প্রয়োজনে আমিও নিজে সুপ্রিম কোর্টে প্লিড করব।”

মুখ্যমন্ত্রী জানান, SIR-র পর খসড়া তালিকায় ৫৪ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। ‘খুনিদেরও’ নিজেদের হয়ে সওয়াল করার অধিকার রয়েছে। এখন AI-র মাধ্যমে ঠিক করা হচ্ছে কার নাম বাদ যাবে, কার থাকবে। তারপরই মমতা জানান, তিনি আদালতের দ্বারস্থ হবেন। তাঁর কথায়, ‘‘আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল (মঙ্গলবার) কোর্ট খুলবে। আমরাও আদালতে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যে ভাবে হেনস্থা করছে, তার বিরুদ্ধে আদালতে যাব।’’

মমতা আরও জানান, প্রয়োজনে তিনি নিজেও সওয়াল করবেন। তিনি বলেন, ‘‘প্রয়োজন পড়লে নিজেও অনুমতি চাইব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে প্লিড করব। মানুষের হয়ে কথা বলব। আমি আইনজীবী। কিন্তু আইনজীবী হয়ে যাব না। সাধারণ নাগরিক হিসাবে যাব। আমি আমার কথা বলতেই পারি। কথা বলার অনুমতি নেব। চোখে আঙুল দিয়ে দেখাব, তৃণমূল স্তরে কী চলছে, কী ভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে।’’

প্রসঙ্গত, SIR নিয়ে তৃণমূল মামলা করার প্রস্তুতি নিচ্ছিল। বছরের শেষদিনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেয় তৃণমূল। তারপর কমিশনকে তৃতীয় বার চিঠি দেন মমতা। দলীয়ভাবে নয়, মুখ্যমন্ত্রী হিসাবে সাংবিধানিক পদকে সেই চিঠি দেন তিনি। তারপরই মামলা। ফলে মনে করা হচ্ছে, কমিশনের সঙ্গে রাজ্যের শাসক দলের সংঘাত আগামীতে আরও বাড়তে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen