শুভেন্দুর গড়ে নয়া কৌশল! নন্দীগ্রামে সভাপতি নয়, অভিষেকের ছকে কোর কমিটি গঠন তৃণমূলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.৩০: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিধানসভা এলাকা নন্দীগ্রামে দলীয় সংগঠনে বড়সড় রদবদল করল তৃণমূল কংগ্রেস (TMC)। বীরভূম ও উত্তর কলকাতা জেলার মডেল অনুসরণ করে নন্দীগ্রামের (Nandigram) দুই ব্লকেই সভাপতি পদ তুলে দিয়ে গঠন করা হয়েছে কোর কমিটি। বুধবার তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে এই রদবদলের ঘোষণা করা হয়।
নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কোর কমিটিতে রাখা হয়েছে অজয় কুমার মণ্ডল, বাপ্পাদিত্য গর্গ, শেখ আব্দুল আলম আলরাজি, শেখ শাহউদ্দিন, শেখ সামসুল ইসলাম, শেখ সুফিয়ান এবং সুহাসিনী করকে। অন্যদিকে, নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের কোর কমিটিতে রয়েছেন সুনীলবরণ জানা, মনোজ সামন্ত, মহাদেব বাগ, রবীন জানা এবং শেখ কাজিহার।
উল্লেখ্য, নন্দীগ্রাম ১ ব্লকের প্রাক্তন সভাপতি বাপ্পাদিত্য গর্গকে কোর কমিটিতে রাখা হলেও তাঁকে কোনও আলাদা পদ দেওয়া হয়নি। কোর কমিটির সকলেই সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। তবে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে প্রাক্তন সভাপতি সুনীলবরণ জানাকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, পুজোর আগেই জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। উৎসব শেষ হতেই শুরু হয় রদবদলের কাজ, যা প্রায় দেড় বছর ধরে থমকে ছিল। অভিষেক আগেই জানিয়েছিলেন, নন্দীগ্রামের দুই ব্লকের নেতৃত্ব নিয়ে পৃথক বৈঠক করবেন। যদিও সেই বৈঠক না হলেও, ক্যামাক স্ট্রিট থেকে রদবদলের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে, যার অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
তৃণমূলের এই কোর কমিটি মডেল মূলত গোষ্ঠীকোন্দল এড়াতে নেওয়া কৌশল। উত্তর কলকাতা ও বীরভূমে এই পদ্ধতি ইতিমধ্যেই কার্যকর হয়েছে। এবার সেই পথেই হাঁটল নন্দীগ্রাম। যদিও দলের অন্যান্য শাখা সংগঠনের ব্লক কমিটিতে সভাপতি নিয়োগ করা হয়েছে।